বেঙ্গালুরু, ২ আগস্ট (হি.স.): ধর্ষণ মামলায় প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। গতকালই এই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতিকে দোষী সাব্যস্ত করেছিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। শনিবার সাজা ঘোষণা হল তার। তাঁকে ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশও দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত।
কর্নাটকের হাসান জেলায় একটি খামারবাড়িতে পরিচারিকাকে আটকে রেখে বার বার ধর্ষণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই সময়ের ছবি এবং ভিডিয়ো তুলে রেখে পরে নির্যাতিতাকে হুমকি দেওয়া থেকে শুরু করে নানাবিধ অভিযোগ আনা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিরুদ্ধে। কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) গত এপ্রিল মাসে প্রজ্জ্বলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। সিটের জমা দেওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে শুক্রবারই তাঁকে দোষী সাব্যস্ত করেন বেঙ্গালুরুর অতিরিক্ত নগর দায়রা আদালতের বিচারক সন্তোষ গজানম ভাট। আর শনিবার সাজা ঘোষণা করা হল। ধর্ষণ মামলায় জনপ্রতিনিধিদের বিশেষ আদালত বহিষ্কৃত জেডিএস নেতা এবং প্রাক্তন লোকসভা সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি রেভান্নাকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ও নির্যাতিতাকে ৭ লক্ষ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
