অযোধ্যা, ১৯ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠেছে রামনগরী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গত বুধবার গণেশ পুজোর মাধ্যমে শুরু হয়েছে ঔপচারিক অনুষ্ঠানের কাজ। ২২ জানুয়ারি নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগে নিরপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রাম মন্দির চত্বর।
দেশ এবং বিদেশের ভিভিআইপিদের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নিরাপত্তা সুনিশ্চিত করেছে উত্তর প্রদেশ পুলিশ। মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীও। প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ, রামমন্দির ট্রাস্টের তরফে নিমন্ত্রণ না পাওয়া কোনও ব্যক্তিই উদ্বোধনের দিন অযোধ্যায় থাকতে পারবেন না। যাদের বৈধ আমন্ত্রণপত্র নেই, তাদের হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শোভাযাত্রা করে ইতিমধ্যেই অযোধ্যার রাম মন্দিরে নিয়ে আসা হয়েছিল রামলালার মূর্তি। বৃহস্পতিবার দুপুর ১টা ২৮ মিনিটে, ‘শুভ মুহূর্তে’ সেটিকে গর্ভগৃহের মূল বেদীতে প্রতিষ্ঠিত করা হয়। এ বার গর্ভগৃহে প্রতিষ্ঠিত করা কৃষ্ণশিলায় তৈরি ‘রামলালা’র মূর্তিটির ছবি প্রকাশ্যে এল। মূর্তিটির মুখাবয়ব অবশ্য হলুদ কাপড়ে ঢাকা রয়েছে। ‘রামলালা’র গায়ে রয়েছে সাদা চাদর।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
