
গুয়াহাটি, ২৮ আগস্ট (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে গুয়াহাটি পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় দফতরের মন্ত্রী অমিত শাহ। আজ বৃহস্পতিবার রাতে বিএসএফ-এর বিশেষ বিমানে গুয়াহাটির বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অমিত শাহ।
বিমানবন্দরে তাঁকে উষ্ণ স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্রীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া সহ দলীয় কয়েকজন শীর্ষ নেতা এবং প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকগণ।
বিমানবন্দর থেকে সরাসরি অসম প্রদেশ বিজেপির সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে চলে যান দলীয় শীর্ষ নেতা অমিত শাহ। রাত আটটায় অটলবিহারী বাজপেয়ী ভবনে তিনি দলের নবগঠিত কোর কমিটির বৈঠকে যোগদান করেন। বৈঠকে আগামী বছর ২০২৬ সালে অনুষ্ঠেয় অসম বিধানসভা নির্বাচনে দলীয় প্রস্তুতির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
আগামীকাল শুক্রবার ঠাসা কার্যসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সকাল ১০টায় তিনি উদ্বোধন করবেন নবনির্মিত রাজভবনের ব্রহ্মপুত্র শাখা। এর পর খানাপাড়া ময়দানে অনুষ্ঠেয় রাজ্যের সদ্য-নির্বাচিত কয়েক হাজার পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দেবেন ভাষণ। বিকালে শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপ বরবরার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করবেন অমিত শাহ।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিজেপি কাৰ্যকৰ্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। অমিত শাহের আগমন উপলক্ষ্যে গোটা গুয়াহাটিতে সাজিয়ে তোলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
