নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র বিরোধিতায় বুধবারও সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধী দলের সাংসদরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে বিরোধী সাংসদরা ধর্না দেন, পাশাপাশি সংসদে এই বিষয়ে আলোচনার দাবি জানান তাঁরা। সরকারের সমালোচনা করে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, তাঁরা কি এতটাই দুর্বল হয়ে পড়েছে? তাঁরা সংসদ পরিচালনা করতে বা ট্রাম্পের কথার জবাব দিতে সক্ষম নয়। আমরা কেবল আলোচনার জন্য বলছি। তাঁদের পক্ষে এটি সমাধান করা সহজ।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সাংসদরাও এদিন সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। বাংলার অপমান মানছি না, মানবো না এই স্লোগানে ধর্না দেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। সাগরিকা ঘোষ, জুন মালিয়া প্রমুখ সাংসদরা ধর্না দেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
