
শ্রীনগর, ১৪ আগস্ট (হি.স.): ফের প্রাকৃতিক দুর্যোগ জম্মু ও কাশ্মীরে। বৃহস্পতিবার মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত হল জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার। এতে ১২ জনের মৃত্যু হয়েছে, চলছে উদ্ধারকাজ। উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কথা বলেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে। উদ্বিগ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংও।
কিশতওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা জানিয়েছেন, কিশতওয়ারের চাশোটি এলাকায় হড়পা বান দেখা দিয়েছে, যা মাচাইল মাতা যাত্রার সূচনাস্থল। উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এদিন দুপুর ১২টা থেকে ১টার মধ্যে মাচাইল মাতা মন্দিরে যাওয়ার পথে শেষ মোটরযান চলাচলযোগ্য গ্রাম চাশোটিতে এই বিপর্যয় ঘটে, যখন বিপুল সংখ্যক মানুষ মাচাইল মাতা যাত্রার জন্য জড়ো হয়েছিলেন। সেখান থেকে মন্দিরে পৌঁছানোর ৮.৫ কিলোমিটার পথচলা শুরু হয়। এখনও পর্যন্ত ১২টি দেহ উদ্ধার হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে জানিয়েছেন, কিশতওয়ার জেলায় মেঘভাঙা বৃষ্টির ঘটনায় জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। এনডিআরএফ দলগুলিকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রতিটি পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। প্রয়োজনে সকল সম্ভাব্য সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ টুইট করে জানান, আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে জম্মুর কিশতওয়ার অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। খবরটি ভয়াবহ।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এক্স মাধ্যমে জানান, জম্মু ও কাশ্মীরের বিরোধী দলনেতা এবং স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মার কাছ থেকে জরুরি বার্তা পাওয়ার পর, কিশতওয়ারের ডিসি পঙ্কজ কুমার শর্মার সঙ্গে কথা হয়েছে। চাশোটি এলাকায় একটি বিশাল মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে, যার ফলে যথেষ্ট হতাহতের সম্ভাবনা রয়েছে। প্রশাসন তাৎক্ষণিকভাবে তৎপর হয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে। ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থাপনার ব্যবস্থা করা হচ্ছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
