নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): অগ্নিগর্ভ নেপালে অশান্তির মধ্যেই জেল থেকে পালিয়েও শেষরক্ষা হল না। এসএসবি-র হাতে ধরা পড়ল ৬০ জন বন্দি। বৃহস্পতিবার এসএসবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, সশস্ত্র সীমা বল (এসএসবি) এখনও পর্যন্ত নেপালের জেল থেকে পালিয়ে আসা ৬০ জন বন্দিকে পাকড়াও করেছে। এর মধ্যে ২২ বন্দিকে উত্তর প্রদেশে ভারত-নেপাল সীমান্তে, ১০ জনকে বিহারে এবং তিনজনকে পশ্চিমবঙ্গে আটক করা হয়েছে। সংখ্যা এখনও বাড়ছে। ভারত-নেপাল সীমান্তের বিভিন্ন চেক-পয়েন্টে ৬০ জন বন্দিকে পাকড়াও করা হয়েছে।
হিংসাত্মক পরিস্থিতির মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কে পি শর্মা ওলি। একাধিক মন্ত্রীও ইস্তফা দিয়েছেন। নেপালের শাসনভার এখন সেনার হাতে। কাঠমান্ডু-সহ নেপালের বিভিন্ন জেলায় কারফিউ লাগু রয়েছে। এরইমধ্যে জেল থেকে বেরিয়ে আসছে বন্দিরা।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
