আহমেদাবাদ, ২০ জুন (হি.স.): আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে শুক্রবারও স্বজনহারাদের ভিড় চোখে পড়েছে হাসপাতাল চত্বরে। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত ২৩১ জনের দেহ ডিএনএ পরীক্ষায় এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে ২১০টি মৃতদেহ তাঁদের পরিজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার আহমেদাবাদ সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ রাকেশ জোশী এক সাংবাদিক সম্মেলনে বলেন, এখনও পর্যন্ত ২৩১টি ডিএনএ নমুনা মিলেছে। এর মধ্যে ২১০ টি মৃতদেহ তাঁদের পরিজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ১৫৫ জন ভারতীয় নাগরিক, ৩৬ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ, একজন কানাডিয়ান।
প্রসঙ্গত, ১২ জুন দুপুরে আহমেদাবাদ–লন্ডন এয়ার ইন্ডিয়ার বিমান টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায়। বহু যাত্রী মারা গিয়েছেন এই বিমান দুর্ঘটনায়। এদিন দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ১টা ৩৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
