কিশোর সরকার
ঢাকা, ১৯ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের কক্সবাজারের উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। রাতভর অভিযান শেষে এক কমান্ডারসহ চার আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাব। এ সময় আরসার আস্তানায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
সোমবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১৫ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর একাধিক টিম সোমবার রাতে উখিয়া উপজেলার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে নামে। এ সময় র্যাবের দল আরসা সন্ত্রাসীদের একটি আস্তানা ঘিরে ফেলে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও পাল্টা ফাঁকা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় আরসার এক কমান্ডারসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার আরসা কমান্ডারের নাম মো. ইউনুস ওরফে মাস্টার ইউনুস। সে আরসার হিসাব শাখার প্রধান। পরে আরসার আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চারটি দেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ কার্তুজ গুলি এবং গুলির খোসা উদ্ধার করা হয়।
হিন্দুস্থান সমাচার /
