কিশোর সরকার
ঢাকা, ২৮ অক্টোবর (হি.স): বাংলাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর সমাবেশকে কেন্দ্র ঢাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। এছাড়া ৪০ পুলিশ সদস্য আহত হয়েছে। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, শনিবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন।
এছাড়া রবিবার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। ঢাকার নয়াপল্টনে বিএনপি’র শান্তিপূর্ণ মহাসমাবেশে ‘আওয়ামী লীগ ও পুলিশের যৌথ হামলা চালিয়েছে’ অভিযোগ এনে এই কর্মসূচি ঘোষণা করে দলটি।
শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের মঞ্চ থেকে হ্যান্ডমাইকে হরতালের ঘোষণা দেন। পরে বিকাল সোয়া ৩টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও হরতালের ঘোষণা দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার /
