
তেল আভিভ, ৩ নভেম্বর (হি. স.) ইজরায়েলে পৌঁছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছেন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার তিনি ইজরায়েল সফরে যান। ইজরায়েল-হামাস সংঘাত শুরুর পর এটি ব্লিঙ্কেনের তৃতীয় সফর। গেল ৭ অক্টোবর এই সংঘাত শুরু হয়। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েল সফর করেছেন।
গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে বাস্তব বা দৃঢ় পদক্ষেপের বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন জোর দেবেন বলে জানা গেছে।
তেল আভিভে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে ইজরায়েলি প্রধানমন্ত্রী এবং মার্কিন বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা চলছে।
সফরের আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ব্লিঙ্কেন বলেন, ইজরায়েলের সঙ্গে আলোচনার মধ্যে গাজার বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য বাস্তব বা দৃঢ় পদক্ষেপের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
গেল ৭ অক্টোবর হামাস ইজরায়েলে হামলা চালায়। জবাবে ইসরায়েলও হামাস শাসিত গাজায় বিমান হামলা শুরু করে। হামাসের হামলার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। ইজরায়েলি সেনাবাহিনী এখন অবরুদ্ধ গাজা ঘিরে রেখেছে। পাশাপাশি বিমান হামলাও চলছে।
হিন্দুস্থান সমাচার / কাকলি
