নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি. স.): “আমরা স্মরণীয় ও উল্লেখযোগ্য অংশীদারিত্বের সম্পর্ক গড়ছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কই শুধু মজবুত নয়, আঞ্চলিক সম্পর্কও মজবুত হচ্ছে। ভারত-আমেরিকার অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্য ২ প্লাস ২ বৈঠকে যোগ দিতে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে সঙ্গে নিয়ে ভারত সফরে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে একথা বলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। জি-২০ সম্মেলনকে সফল করার জন্য সহযোগিতা নিয়ে মার্কিন সরকারকে ধন্যবাদ জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ।
এদিন, নয়াদিল্লিতে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, “আমরা স্মরণীয় ও উল্লেখযোগ্য অংশীদারিত্বের সম্পর্ক গড়ছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কই শুধু মজবুত নয়, আঞ্চলিক সম্পর্কও মজবুত হচ্ছে। ভারতের নেতৃত্বে জি-২০ সম্মেলন এর অন্যতম প্রমাণ। আমাদের আরও অনেক কিছু করার আছে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, আমাদের দুই দেশের ভবিষ্যতের লক্ষ্যে আরও অনেক কাজ বাকি। আমরা ভারতের সঙ্গে মিলিতভাবে ভবিষ্যত তৈরি করছি।”
এদিকে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন সরকারকে ধন্যবাদ জানান। জি-২০ সম্মেলনকে সফল করার জন্য সহযোগিতা নিয়ে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, “গত সেপ্টেম্বরে আমরা অত্যন্ত সফলভাবে জি-২০ সম্মেলন আয়োজন করেছি। এর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে মার্কিন সরকার ও প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানাতে চাই। আমার মনে হয় আমেরিকার দৃঢ় সমর্থন না থাকলে আমরা এই সাফল্যে পৌঁছতে পারতাম না।”
হিন্দুস্থান সমাচার / কাকলি
