ঢাকা, ১১ মে : প্রায় দুই ঘণ্টার প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপর। শনিবার সকালে মিরপুর ১৪, ১০, ১১, ১২ ও ২ নম্বর এলাকার রাস্তায় জল জমে গিয়েছে। এছাড়াও কাজীপাড়া, শেওড়াপাড়া, কালশী রোডে-সহ ধানমন্ডি ২৭ এলাকার সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। কিছু কিছু এলাকার রাস্তায় হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে। এমন পরিস্থিতিতে সকাল থেকেই সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে।
এদিন মিরপুর ১৪, ১৩, ১২, ১১, ১০, ২ নম্বর ও ধানমন্ডি এলাকায় জল জমে যায়। পল্লবী থানা এলাকায় কালশী রোডেও জল জমেছে হাঁটু পর্যন্ত। মাত্র দুই ঘন্টার বৃষ্টিতে রাস্তায় জল জমে যাওয়ায় ঢাকার বাসিন্দারা বেজায় সমস্যায় পড়েছেন। কর্মস্থলে যাওয়া মানুষজনও সমস্যায় পড়েন।
