ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.) : আগামী ৭ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে তিনি ৭ ফেব্রুয়ারি দিল্লি সফরে যাবেন। তাঁর ভারত সফর তিন দিনের হতে পারে।
এই সফরে বৈঠকের আলোচ্যসূচি, সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। এই সব নিয়ে এখন কাজ চলছে। ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় বিদেশমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাছান মাহমুদ। বাংলাদেশের নতুন বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর হাছান মাহমুদকে ১৪ জানুয়ারি অভিনন্দন জানিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন এস জয়শঙ্কর। বাংলাদেশের বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারত আসবেন হাছান মাহমুদ।
হিন্দুস্থান সমাচার/অশোক
