
কিশোর সরকার
ঢাকা, ২৯ অক্টোবর (হি.স): ভারতের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কোরাইশি বলেছেন, অবাধ ও সুষ্ঠু ভোট করার জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা রয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের নির্বাচন কমিশনার এবং ইলেকশন মনিটরিং ফোরামসহ ৯ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিইসিসহ ৪ জন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভারতের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ড. এসওয়াই কোরাইশি। তিনি বলেন, একটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের সমস্ত ক্ষমতা রয়েছে। তাদের ওপর কেন বিশ্বাস স্থাপন না করার কোনো কারণ আমি দেখি না।
বাংলাদেশের ইসির সক্ষমতা আছে। তারপরও বিগত নির্বাচনগুলোর মধ্যে কয়েকটি নির্বাচন একপক্ষীয় ছিল। এ কারণে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে ইসির কোনও দুর্বলতা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা আমি জানি না। এটা আপনাদের (বাংলাদেশের) ইসি ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভারতের নির্বাচন কমিশনের যে সমস্ত ক্ষমতা আছে, সেই সমস্ত ক্ষমতা বাংলাদেশের নির্বাচন কমিশনেরও আছে। হিন্দুস্থান সমাচার/
