
।। রাজীব দে ।।
ঢাকা, ২১ সেপ্টেম্বর (হি.স.) : নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম। আজ রবিবার সকালে রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন কর্তৃক শুভ মহালয়া ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, সব ধর্মই আমাদেরকে অন্যায়, অবিচার ও অনাচারের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যোগায়। আমাদেরকে আত্মশুদ্ধির সুযোগ করে দেয়। মানবসেবা ও দেশাত্মবোধের চেতনাকে উদ্বুদ্ধ করে।
শারদীয় দুর্গোৎসবকে বাংলাদেশের সর্বজনীন উৎসব উল্লেখ করে উপদেষ্টা বলেন, আবহমানকাল ধরে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে সাড়ম্বরে উদযাপিত হয়ে আসছে। এটি শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বাংলাদেশের সকলের উৎসব। এই উৎসব উদযাপনের মাধ্যমে মানুষে মানুষে নিবিড় বন্ধন রচিত হয়, সমাজের সকল মানবসৃষ্ট ভেদাভেদ, বৈষম্য দূরীভূত হয় এবং সকলের মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগরিত হয়।
দুর্গাপূজা উপলক্ষ্যে নৌপরিবহণ উপদেষ্টা সকল সনাতন ধর্মাবলম্বীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব দেশব্যাপী আনন্দমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে আশ্বাস প্রদান করেন তিনি। একই সাথে দুর্গোৎসবকে কেন্দ্র করে যেন কোনও স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশনা তিনি দিয়েছেন।
অনুষ্ঠানে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন-এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
