।। রাজীব দে ।।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে সকল হিন্দু ধৰ্মাবলম্বীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আমি হিন্দু ধর্মাবলম্বী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রতি বছরের ন্যায় এ বছরও সারা দেশে বিভিন্ন আচার-অনুষ্ঠানাদির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
‘এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করে আসছেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। উৎসবের এই উপলক্ষ পারস্পরিক সহমর্মিতাকে আরও বৃদ্ধি করে, সৃষ্টি হয় ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন। শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুসংহত হোক, এই কামনা করি।’
রাষ্ট্রপতি বলেন, ‘শান্তি ও মানবতা সকল ধর্মের শাশ্বত বাণী। ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত হতে পথ দেখায়, অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে, দেখায় মুক্তির পথ। তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি আমাদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহমর্মিতা আমাদের সংস্কৃতির অন্তর্নিহিত মূল্যবোধ। আমি বিশ্বাস করি, এই মানবিক গুণাবলি একটি শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অনন্য ভূমিকা রাখবে। বিশ্বে মানুষ ও মানবতার জয় হোক, এই প্রত্যাশা করি। শারদীয় দুর্গোৎসব সফল হোক।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
