নিউ ইয়র্ক, ১ জানুয়ারি (হি.স.): নতুন বছরের প্রথম দিনে নিউ ইয়র্কের মেয়র পদে শপথ নিলেন ৩৪ বছর বয়সি ডেমোক্র্যাট জোহরান মামদানি। গত একশো বছরের হিসেবে তিনি সর্বকনিষ্ঠ মেয়র। তিনি প্রথম মুসলিম মেয়রও। তাঁকে শপথপাঠ করান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। ম্যানহাটনের ওল্ড সিটি হল স্টেশনে শপথ অনুষ্ঠান হয়। মামদানি বলেন, সত্যিই এটা জীবনের একটা বড় সম্মান ও প্রাপ্তি।
নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার তাঁকে কটাক্ষ করেছিলেন। তাঁকে হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘কমিউনিস্ট’ জোহরান নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলে তিনি শহরের কেন্দ্রীয় অনুদান বন্ধ করে দেবেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের ‘রক্তচক্ষু’কে পরোয়া না করেই বিপুল ভোটে মামদানিকে জয়ী করেছে নিউ ইয়র্কবাসী। যদিও ভোটে জয়লাভ করার পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন মামদানি। সেই সময় দু’জনে খোশ মেজাজে দেখা গিয়েছিল। তবে ভবিষ্যতে দু’জনের সম্পর্কের সমীকরণ কোথায় দাঁড়াবে সেটাই সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
