ঢাকা, ২২ আগস্ট (হি.স.) : মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের বৰ্ষীয়ান সাংবাদিক তথা স্তম্ভলেখক নিখোঁজ বিভূতিরঞ্জন সরকারের মৃতদেহ। আজ শুক্রবার বিকালে গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় মেঘনা নদীর জলে ভাসছিল ‘দৈনিক আজকের পত্রিকা’র জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভূতিরঞ্জন সরকারের লাশ।
গতকাল বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক বিভূতিরঞ্জন সরকার। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাড়ি থেকে ‘আজকের পত্রিকা’ কার্যালয়ের (বনশ্রী) উদ্দেশে বেরিয়েছিলেন। এর পর থেকে নিখোঁজ হয়ে যান তিনি। বৃহস্পতিবার রাতে বিভূতিরঞ্জন সরকার নিখোঁজ বলে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ছেলে ঋত সরকার। বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন রমনা থানার ওসি গোলাম ফারুক।
জিডিতে ঋত সরকার লিখেছেন, ‘আমরা বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁর অফিসে (বনশ্রী) খোঁজ নেই এবং জানতে পারি যে তিনি অফিসে উপস্থিত হননি। বিষয়টি নিয়ে আমরা সম্ভাব্য সব স্থানে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও পাওয়া না গেলে থানায় এসে সাধারণ ডায়েরির আবেদন করলাম।’ গতকাল অফিসে যাওয়ার সময় বিভূতিবাবু তাঁর মুঠোফোনটি নাকি বাড়িকে রেখে গিয়েছিলেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
