চট্টগ্রাম, ২২ অক্টোবর (হি. স.) : মহা অষ্টমীতে বাংলাদেশের চট্টগ্রামের নগরের পাথরঘাটা রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে ১১ কুমারী মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজের পৌরহিত্যে এ পূজা হয়।
এদিন ভৈরবী নামে পূজিত হয়েছেন ১২ বছরের পূজা দাশ, রুদ্রাণী নামে ১১ বছরের অস্মিতা সেন, কালসন্দর্ভা নামে ৯ বছরের সুভদ্রা বিশ্বাস, মালিনী নামে ৭ বছরের নিভৃতি দত্ত, তিথি দাশ, আদ্রিতা বিশ্বাস ও আদ্রিতা চৌধুরী, কুব্জিকা নামে ৮ বছরের পৌষালী রায় ও প্রীত ধর, অপরাজিতা নামে কৃত্তিকা চৌধুরী, কালসন্দর্ভা নামে আনমোল বণিক।
মোহন্ত শ্যামানন্দ দাস মহারাজ বলেন, শাস্ত্রমতে সাধারণত এক থেকে ষোল বছরের অজাতপুষ্প সুলক্ষণা যে কোনও বর্ণের ও গোত্রের কুমারীকে পূজা করা এবং একাধিক কুমারীর অংশগ্রহণে কুমারী পূজার বিধান থাকায় অংশগ্রহণকারী এগারজন কুমারী পূজিতা হয়েছেন।
হিন্দুস্থান সমাচার/ কাকলি
