।। রাজীব দে ।।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : বারিধারা ডিওএইচএস দুর্গাপূজা-২০২৫ মণ্ডপ পরিদর্শন করেছেন মিডিয়াবান্ধব ডিবিসি নিউজ চ্যানেল-এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও স্টাইলিস গার্মেন্টস-এর চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী এবং তাঁর স্ত্রী স্টাইলিস গার্মেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী মিশা।
পূজা মণ্ডপে দেবী দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে ডিবিসি নিউজ চ্যানেল-এর পরিচালক সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রাচীনকাল থেকে আমাদের বাংলাদেশে সকল ধর্মের লোক সবাই মিলেমিশে একসাথে বসবাস করে আসছি। আমরা দেখেছি, দুর্গাপূজার মণ্ডপে আনন্দের সাথে এবার যথেষ্ট নিরাপত্তা রয়েছে। আমরাও এখানে এসেছি দুর্গাপূজা উদযাপন করতে। এবারের দুর্গাপূজা অনেক সুন্দরভাবে শুরু হয়েছে। আমরা আশা করি পূজার শেষটাও সুন্দর করে সমাপ্ত হবে।
স্টাইলিস গার্মেন্টস-এর এমডি মাকসুদা চৌধুরী বলেন, ‘বারিধারা ডিওএইচএস পূজামণ্ডপে বিজিএমইএ গ্রুপের আমাদের অনেক ব্যবসায়ী আছেন। তাঁরাই মূলত বারিধারা-পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করেন। বাংলাদেশে আমরা মুসলিমরা সংখ্যায় অনেক বেশি, অসাম্প্রদায়িকতার জায়গা থেকে আমাদের বাংলাদেশে বছরের পর বছর সব ধর্মের মানুষ মিলেমিশে একাত্মতার সাথে বসবাস করে আসছি। আমরা মুসলিম হয়েও তাঁদেরকে সাপোর্ট দেওয়ার জন্য পূজায় আছি। এজন্য তাঁদের উৎসবে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের যেমন ঈদের অনুষ্ঠান হয়, তেমনই আমরা সবাই মিলে রমজানে একসাথে ইফতার করি। আমি মনে করি এটা আমাদের দেশের একটা ঐতিহ্য।’
মাকসুদা চৌধুরী বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। এই একাত্মতা বোধ যদি আমাদের থাকে, তা-হলে আমরা যে কোনও ক্রাইসিস আসলে জাতি হিসেবে একসাথে মিলেমিশে থাকতে পারব। সব শেষে দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশের সকল সুখে-দুখে যেন একসাথে আমরা থাকতে পারি।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
