ঢাকা, ৩০ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনিতে শুক্রবার থেকে উৎপাদন বন্ধ রয়েছে। এর আগেও অক্টোবরের প্রথম পাক্ষিকে ১৩ দিন বন্ধ ছিল এই খনি। এরপর থেকে এখন পর্যন্ত মোট ২ লাখ ৭১ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে। এই খনি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ করে।
স্থানীয় পত্রিকা ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে কয়লা খনির উপ-মহাব্যবস্থাপক রাশেদ কামালের উল্লেখ করে বলা হয়েছে, যন্ত্রপাতি স্থানান্তরের কারণে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে। এতে প্রায় এক মাস সময় লাগবে। ফেব্রুয়ারিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন শুরু হবে।
জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে প্রায় ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন জানান, বিদ্যুৎকেন্দ্রে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার তিনটি ইউনিট রয়েছে এবং দুই মাস বিদ্যুৎকেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত কয়লা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / কাকলি
