
।। রাজীব দে ।।
ঢাকা, ১ অক্টোবর (হি.স.) : শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লেখক-অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সহধর্মিণী অভিনেত্রী জয়শ্রী কর।
আজ বুধবার মহানবমীর দিন দেবী দর্শনে বনানী পূজামণ্ডপে এসে ছিলেন অভিনেতা-দম্পতি। তাঁদের সঙ্গ দিয়েছেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কালবেলা পত্রিকার সম্পাদক–প্রকাশক সন্তোষ শর্মা ও তাঁর সহধর্মিনী সহ পরিবার বর্গ।
অভিনেতা ও লেখক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, সারা দেশে প্রতি বছরের মতো এ বছরও বিভিন্ন আচার-অনুষ্ঠানাদির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে, এজন্য আমি অত্যন্ত আনন্দিত, সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা দীর্ঘকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করে আসছেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সমাজের সকল স্তরের মানুষ জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে, গ্রহণ করেন মহাপ্রসাদ।
আলাপচারিতায় অভিনেত্রী জয়শ্রী কর বলেন, দূর্গাপূজা ও উৎসবের এই সুন্দর উপলক্ষ পারস্পরিক সহমর্মিতাকে আরও বৃদ্ধি করে, সৃষ্টি হয় ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন। শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক; ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুসংহত হোক এবং পারস্পরিক সহযোগিতা, এই কামনা করি। প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা ও নিরাপত্তার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা বলেন, শারদীয় দুর্গোৎসব হিন্দু ধর্ম এবং বাঙালির সর্বজনীন একটি উৎসব। এই উৎসবে মিলিত হয়ে আনন্দে আমরা সকলে মেতে উঠি। মা দুর্গা অশুভ শক্তিতে বিনাশ করে সবার জন্য শান্তির বার্তা বয়ে আনেন। হিন্দু ধর্মমতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গালোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে।
এই পূজায় সকল ধর্ম-সম্প্রদায়ের মানুষের অপূর্ব মেলবন্ধনের অনন্য নিদর্শন আমাদের বাংলাদেশ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সকলের একটা পরিচয় আমরা বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাকে সমুন্নত রেখে এবারের দুর্গাপূজা সারা দেশে নির্বিঘ্নে এবং যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। তাই আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শেষে সকলের পারস্পরিক সহযোগিতা কামনা করে পূজার শেষটা যেন সুন্দর হয়, সবার মঙ্গল কামনা করে মা দুর্গার কাছে প্রার্থনা করি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
