।। রাজীব দে ।।
চট্টগ্রাম, ১৬ আগস্ট (হি.স.) : পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো সনাতনী পা মিলিয়েছেন।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আজ শনিবার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়েছে।
শোভাযাত্রার সূচনা করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সে সময় জেলাশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ খাদেমুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ সত্য, ন্যায় ও শান্তির প্রতীক। সবার এই চেতনাতেই সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে। শোভাযাত্রা ও নানা আয়োজনে শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে আজ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
