কাঠমান্ডু, ২৪ আগস্ট (হি.স.) : নেপালের রাউতাহাট জেলায় রাস্তার ধারে সুটকেসে মিলল ভারতীয় এক মহিলার মৃতদেহ। জানা গেছে , গৌর এলাকায় রাস্তায় পড়ে থাকা একটি সুটকেস থেকে উদ্ধার হয় ভারতীয় ওই মহিলার দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম রুবি সাহ (২৬) তিনি বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা।
রবিবার সকালে ভারতীয় সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে একটি সুটকেস পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ প্রথমে সন্দেহ করে ওতে বিস্ফোরক থাকতে পারে। ফরেনসিক বিশেষজ্ঞের দল ঘটনাস্থলে পৌঁছে সুটকেস খুলে দেখেন ভিতরে রয়েছে ওই মহিলার দেহ।
এক আধিকারিক জানান , মৃতা রুবি বিগত দুই মাস আগে তাঁর চার বছরের ছেলেকে নিয়ে নেপালে মায়ের বাড়িতে এসেছিলেন। দুই দিন আগে তিনি বিউটি পার্লারে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফেরেননি। শনিবারই তাঁর মা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছিলেন।
জানা গেছে, দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
