তেল আভিভ, ১ জানুয়ারি (হি. স.) “এখনও বহুদিন ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে। বাদ যাবে না ইরানও ।“ নতুন বছরে শান্তির প্রার্থনার মধ্যেই হুঙ্কার বেঞ্জামিন নেতানিয়াহুর । হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন সীমান্ত থেকেও ইজরায়েলের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। তার প্রেক্ষিতেই ইরানকে হুঁশিয়ারি নেতানিয়াহুর।
বছরের শেষদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নেতানিয়াহু। সেখানে সাফ জানিয়ে দেন, গাজার দক্ষিণে মিশরের সঙ্গে সীমান্ত এলাকাটি ইজরায়েলের নিয়ন্ত্রণে থাকা দরকার। অবিলম্বে এই অঞ্চলে যাতায়াত বন্ধ করে দিতে হবে। সেটা না হলে গাজায় সন্ত্রাসের বাড়বাড়ন্ত থামানো যাবে না। ইজরায়েল চায় গাজাকে সন্ত্রাসমুক্ত করতে। প্রসঙ্গত ইজরায়েলের তরফে একাধিকবার বলা হয়েছে, গাজা থেকে হামাসকে একেবারে নিঃশেষ করে দিতে হবে। তাহলেই আরও সুরক্ষিত হবে গোটা দেশ।
আগামী কিছুদিনের মধ্যে যুদ্ধ থামার কোনও ইঙ্গিত মেলেনি ইজরায়েলের প্রধানমন্ত্রীর কথায়। বরং নতুন উদ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “পুরোদমে যুদ্ধ চলছে। সবরকমভাবেই যুদ্ধ করছে দেশের বাহিনী। তবে জয়লাভ করতে এখনও দেরি আছে। আমাদের সেনাপ্রধানও বলেছেন, আরও অনেক মাস যুদ্ধ চলবে।”
সেই সঙ্গে ইরানকেও সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন সীমান্ত থেকেও ইজরায়েলের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। তার প্রেক্ষিতেই হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন, “হেজবোল্লা যদি এইভাবে হামলা চালিয়ে যায় তাহলে এমন আক্রমণের মুখে পড়বে ওরা, যা স্বপ্নেও ভাবতে পারেনি। একই কথা খাটে ইরানের জন্যও।” তবে ইজরায়েল কি ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা প্রস্তুতি নিচ্ছে? সেই প্রশ্নের উত্তর মেলেনি।–হিন্দুস্থান সমাচার /কাকলি
