ঢাকা, ১৭ জুলাই (হি.স.): গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় তদন্ত করতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন। তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে বিবৃতি জারি করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়৷
সংশ্লিষ্ট ঘোষণায় বলা হয়েছে, এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের প্রবীণ আধিকারিক নাসিমুল ঘানি৷ সূত্রের খবর, তাঁর সঙ্গে মন্ত্রকের আরও দুই আধিকারিককে এই কমিটিতে রাখা হয়েছে৷
এছাড়া গণপ্রশাসন এবং আইন মন্ত্রকের একজন করে আধিকারিককেও রাখা হয়েছে উচ্চপর্যায়ের এই কমিটিতে৷ গোপালগঞ্জে কেন সংঘর্ষ হল তা খতিয়ে দেখবে এই কমিটি৷ আগামী দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কমিটিকে৷
বিবৃতির অন্য একটি অংশে বলা হয়েছে, সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে যথার্থ বিচার নিশ্চিত করতে দায়বদ্ধ৷ আর সেই কারণে গোপালগঞ্জের সভায় হিংসা চালিয়ে যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছে তাদের চিহ্নিত করবে তদন্ত কমিটি৷ তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে৷
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
