অটোংত, ২২ নভেম্বর (হি. স.) : কানাডাবাসীর জন্য ফের ই-ভিসা পরিষেবা চালু করছে ভারত। সরকারের একটি সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে। কানাডার সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের আবহে গত ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ভিসা পরিষেবা দেওয়া বন্ধ করেছিল নয়াদিল্লি। পরে ভিসানীতি খানিক শিথিল করার ইঙ্গিত দিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ২৬ অক্টোবর থেকে কানাডার নাগরিকদের ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিক্যাল ভিসা’ এবং ‘কনফারেন্স ভিসা’ দেওয়া হবে।
কানাডার রাজধানী অটোয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, আপাতত ভারতের ভ্রমণ, পড়াশোনা, চাকরির উদ্দেশে আসা কানাডার নাগরিকদের ভিসা দেওয়া হবে না। ভিসা দেওয়া হবে না সাংবাদিক, মিশনারি এবং সিনেমা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও। এই প্রসঙ্গে কানাডায় ভারতের রাষ্ট্রদূত সঞ্জয়কুমার বর্মা বলেছিলেন, “শুধুমাত্র চারটি ক্ষেত্রে ভিসা দেওয়া পুনরায় চালু হয়েছে। প্রেস বিবৃতিতেও সে কথা উল্লেখ করা হয়েছিল।” তবে বুধবার থেকে কানাডার সমস্ত নাগরিকের জন্যই ই-ভিসা পরিষেবা চালু করার কথা জানাল ভারত।
অন্যদিকে, বুধবার ভারতের তরফে আয়োজিত জি২০-র ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার কথা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। ট্রুডোর সচিবালয় তাঁর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে। এই পরিস্থিতিতে নয়াদিল্লির ভিসা-ঘোষণা দুই দেশের ফের কাছাকাছি আসার ইঙ্গিত কি না, তা নিয়ে চর্চা চলছে। তবে আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে এখনও মুখ খোলেনি ভারতের বিদেশ মন্ত্রক। মুখ খোলেনি কানাডাও।
প্রসঙ্গত, খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে রয়েছে ভারত, এই অভিযোগ তুলেছিল কানাডা। তারপর থেকে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক খারাপ হতে শুরু করে। এমনকি আমেরিকা-সহ বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্রের কাছে ভারতের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করে কানাডা।বহিষ্কার করা হয় দুই দেশের শীর্ষ কূটনীতিকদের।এরপর ৪০ জন কানাডার কূটনীতিককে ভারত থেকে সরানো হয়।যদিও এই সমস্ত বিষয় নিয়ে ভারত প্রথম থেকেই জানিয়েছিল এই অভিযোগ অবাস্তব এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই আবহে ফের চালু হল এল ই-ভিসা। ওয়াকিবহালমহল মনে করছে, দুদেশের মধ্যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সম্পর্ক।
হিন্দুস্থান সমাচার / কাকলি
