নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোরে ইজরায়েলি যুদ্ধবিমান হামলায় ৪০ জনের বেশি নিহত হয়েছেন। প্যালেস্টাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের দক্ষিণে খান ইউনিসের একটি বাড়িতে বিমান হামলায় সাত শিশুসহ নয়জন নিহত হয়েছেন। তা ছাড়া দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ তাল আল-সুলতান এলাকায় হামলা চালায় ইহুদি সেনারা। এ ঘটনায় নিহত হন অন্তত ৩০ জন; আহতের সংখ্যা কয়েক ডজন।
বৃহস্পতিবার ভোরে ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা কার্যত বেশি। কেননা, বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করেছিল ইসরায়েল। মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় একফিলিস্তিনি শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আবার ফিলিস্তিনি মেডিকেল সূত্র জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুর মৃত্যু হয়েছে।
টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া একটি স্কুলের কাছের এক বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। এ সময় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে। খান ইউনিস শরণার্থী শিবিরে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আহমেদ আবদেলাজিজ স্কুলের কাছে অবস্থিত বাড়িটি ছিল আল বাকরি পরিবারের। ইজরায়েলি হামলায় ওই পরিবারের সাত শিশুসহ অন্তত নয়জন নিহত হন। বিমান হামলায় বাড়িটি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও পরিবারের সদস্যরা রয়েছেন।
হিন্দুস্থান সমাচার / কাকলি
