কাবুল, ১ ডিসেম্বর (হি.স.): সোমবার সকালে ভূমিকম্পের জেরে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, এ দিন ভারতীয় সময় সকাল ১০টা ২১ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১৬৩ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্পের ফলে হতাহতের খবর মেলেনি।
উল্লেখ্য, নভেম্বরের গোড়ায় আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের জেরে প্রাণ যায় বেশ কয়েক জনের, আহত হন অন্তত অনেকে। সেসময় আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে খোলমে। শহরের অনেক মানুষ বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কায় রাতেই রাস্তায় নেমে আসেন। রাজধানী কাবুলেও কম্পন অনুভূত হয়।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
