কলকাতা, ১ নভেম্বর (হি.স.) : ডেঙ্গিতে আক্রান্ত কবি তথা পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো উদ্বেগে তাঁর ভক্তরা।
তাঁকে মঙ্গলবারই তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন কেমন আছেন তিনি? জানতে চান তাঁর ভক্তরা। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে ভর্তির আগে তাঁর প্লেটলেট কাউন্ট ছিল ৬০ হাজার। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর প্লেটলেট কাউন্ট ছিল ৪১ হাজার।
বুধবার চিকিৎসকরা জানাচ্ছেন, শ্রীজাতের শারীরিক অবস্থা স্থিতিশীল। উদ্বেগের কোনও কারণ নেই। মঙ্গলবার থেকে তাঁর নতুন করে জ্বর আসেনি, যা অনেকটাই স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। প্লেটলেট কাউন্ট যাতে কোনওভাবেই না কমে সেই দিকে বিশেষ নজর দিচ্ছেন চিকিৎসকরা। ফের এদিন তাঁর প্লেটলেট কাউন্টের জন্য পরীক্ষা করতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, উৎসবের মরশুমে ডেঙ্গি নিয়ে বাড়ছে চিন্তা। আক্রান্তের সংখ্যা বিশেষজ্ঞদের কপালে উদ্বেগের ভাঁজ ফেলছে। একইসঙ্গে ডেঙ্গির নির্ধারণও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এছাড়াও টেলি তারকা রুবেল দাস, সায়ন্তনী গুহঠাকুরতার শরীরেও থাবা বসায় ডেঙ্গি। তাঁরা এখন সুস্থ রয়েছেন।
হিন্দুস্থান সমাচার/ অশোক
