কিশোর সরকার
ঢাকা, ৯ ডিসেম্বর (হি.স) : ভারত রফতানি বন্ধ করেছে তাই বাংলাদেশে পেয়াঁজের বাজারে হাহাকার। রাজধানীর বাজারগুলোর পেঁয়াজের আড়তে হট্টগোল হতে দেখা যায়।
ঢাকার বাজারে এক দিনের ব্যবধানে দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দাম কেজিতে অন্তত ৯০ টাকা বেড়েছে। কোনো কোনো বাজারে দাম বেড়েছে আরও বেশি। ভারত সরকার নিজের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে। গতকাল শুক্রবার এমন খবর আসার পর থেকেই এই পণ্যের দাম বাড়াতে শুরু করেন ব্যবসায়ীরা। গতকাল কেজিতে ১০ থেকে ২০ টাকা দাম বাড়ার পর আজ শনিবার সকাল থেকে পেঁয়াজের বাজার রীতিমতো তেতে উঠেছে।
ভারতের পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। বাংলাদেশের পেয়াঁজের চাহিদার প্রায় ৯০ শতাংশ আমদানি হয় ভারত থেকে। রাতের ব্যবধানে দ্বিগুণ হয়ে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকায়। আর কেজিতে ৯০ টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০ টাকা। কেউ কেউ ২২০ টাকাও দাম হাঁকছেন।
শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। বাজার ঘুরে দেখা গেছে, গতকাল থেকেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। কেজিপ্রতি ১২০ টাকা থেকে বেড়ে পেঁয়াজের দাম গিয়ে উঠেছে ২৪০ টাকা। আর ১০৫-১১০ টাকা কেজি দরের ভারতীয় পেঁয়াজ কিনতে ক্রেতাদের এখন দিতে হচ্ছে ২০০ টাকায়।
রাজধানীর খুচরা বিক্রেতারা বলছেন, প্রতি ঘণ্টায় বাড়ছে পেঁয়াজের দাম। এজন্য পাইকাররা পেঁয়াজ ছাড়ছেই না। মণপ্রতি ৮০০-১০০০ টাকা বেড়ে গেছে। বিকেল নাগাদ বাজারে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলেও জানান তারা।
চিন থেকে আমদানি করা বড় আকারের পেঁয়াজ বাংলাদেশীদের পছন্দ নয় তবুও তা কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। চিনের আমদানি করা পেয়াজের দাম পড়েছে ১২০-১৩০ টাকা।
আজ সকালে থেকে রাজধানীর সব পাইকারি ব্যবসায়ীর ফোন বন্ধ পাওয়া যাচ্ছেন। তাতে অনেক খুচরা দোকানে পেঁয়াজ বিক্রি বন্ধ হয়ে গেছে।
রাজধানীর বিভিন্ন পাইকারি বাজারের একাধিক আমদানিকারক ও পেঁয়াজ ব্যবসায়ীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাজার কারওয়ান বাজারে দেখা গেছে, অধিকাংশ ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি বন্ধ রেখে দোকানের বাইরে অবস্থান করছেন। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের হট্টগোল করতেও দেখা গেছে। বিক্রেতাদের কেউ কেউ জানালেন, তাঁরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। পেয়াঁজ সহ ভারত নিত্যপণ্যের রফতানিতে নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে পাইকারি বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার /
