নয়াদিল্লি , ২৩ জুলাই (হি.স.) : সোনার আকাশছোঁয়া দামে সাধারণ ক্রেতারা যখন কার্যত দিশেহারা, ঠিক সেই সময়েই এল স্বস্তির খবর। এবার ৯ ক্যারাট সোনাতেও মিলবে সরকারের সিলমোহর। কেন্দ্র ইতিমধ্যে ৯ ক্যারাট সোনায় হলমার্কিংয়ের অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্ট নির্দেশ পাঠানো হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-কে।
বৃহস্পতিবার বিআইএস সূত্রে জানা গেছে, এই সোনা স্বীকৃত হলেই বাজারে তা দ্রুত বিক্রির ব্যবস্থা করা হবে। মূল্য তুলনায় অনেকটাই কম হওয়ায়, স্বর্ণপ্রেমীদের কাছে এটি এক বড় সুযোগ হতে চলেছে। ভোক্তা সুরক্ষা মন্ত্রক থেকে জারি করা এই বিজ্ঞপ্তি বলছে, চলতি মাস থেকেই চালু হয়ে যাবে ৯ ক্যারাট হলমার্ক সোনা। এরফলে ক্রেতার হাতে কম দামে মানসম্পন্ন সোনা পৌঁছনো যাবে, যার চাহিদা থাকবে শহরের পাশাপাশি গ্রামীণ ভারতেও।
বর্তমানে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম যেখানে ১ লক্ষ ১২৯০ টাকা ছুঁয়েছে, সেখানে ৯ ক্যারাট হলমার্ক সোনার সম্ভাব্য দাম দাঁড়াবে মাত্র ৩৮,১১৯ টাকা (জিএসটি বাদে)। তুলনা করতে গেলে, ১৪, ১৮, ২২, ২৪ ক্যারাটের পাশাপাশি এটি সবচেয়ে সস্তা সোনার বিকল্প হতে চলেছে। সরকারের মতে, এর জেরে উৎসবের মরশুমে সোনার বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়বে। বাজার বিশেষজ্ঞদের মতে, ৯ ক্যারাট সোনায় সরকারি স্বীকৃতি এলে একদিকে সাধারণ মানুষের নাগালে সোনা আসবে, অন্যদিকে স্বর্ণ ব্যবসাতেও গতি আসবে। বিশেষত গ্রামীণ বাজারে যেখানে কম দামে অলঙ্কার বিক্রি তুলনামূলক কম, সেখানে এই নতুন ক্যারাট ব্যাপক প্রভাব ফেলতে পারে।
বিভিন্ন শহরে সোনার দাম (১০ গ্রাম অনুযায়ী):
দিল্লি: ২২ ক্যারাট ৯৩,০০০ হাজার টাকা এবং ২৪ ক্যারাট ১,০১,৪৪০ লক্ষ টাকা
মুম্বই: ২২ ক্যারাট ৯২,৮৫০ হাজার টাকা এবং ২৪ ক্যারাট ১,০১,২৯০ লক্ষ টাকা
কলকাতা: ২২ ক্যারেট ৯৩,৮১০ হাজার টাকা এবং ২৪ ক্যারাট ১,০২,৩৪০ লক্ষ টাকা
হায়দরাবাদ: ২২ ক্যারাট ৯২,৮৫০ হাজার টাকা
জয়পুর: ২২ ক্যারাট ৯৩,০০০ হাজার টাকা এবং ২৪ ক্যারাট ১,০১,৪৪০ লক্ষ টাকা
বিশেষজ্ঞদের মতে, সোনার দামের এই ঊর্ধ্বগতি যেভাবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেখানে ৯ ক্যারাট সোনা একটি কার্যকর এবং সাশ্রয়ী বিকল্প হতে পারে। সরকারের এই পদক্ষেপ সোনা কেনার সংস্কৃতিকে আরও প্রসারিত করবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
