কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগের কথা ঘোষণা করলেন রিলায়্যান্স কর্তা মুকেশ অম্বানী। স্পষ্ট বুঝিয়ে দিলেন, ভারত যে গতিতে এগোচ্ছে, তার চেয়েও দ্রুত গতিতে এগোচ্ছে বাংলা। মুকেশবাবু ঘোষণা করেন, রিলায়্যান্স গোষ্ঠী আগামী তিন বছরে বাংলায় আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে।
বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুকেশ আম্বানি নিজের ভাষণ শুরুই করলেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ বলে। শুরুতেই মুখ্যমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল আম্বানির মুখে। নাতিদীর্ঘ বক্তৃতায় মুকেশবাবু বলেন, ‘‘মমতাদির দূরদ়ৃষ্টি সম্পন্ন নেতৃত্বের জন্যই বাংলায় লগ্নির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। এই রাজ্য এখন বিনিয়োগের গন্তব্যে পরিণত হয়েছে। আমাদের কাছেও বাংলায় এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য।’’
তাঁর কথায়, ‘‘ইতিমধ্যেই রাজ্যে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে রিলায়্যান্স। আগামী তিন বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।’’ কোন কোন কোন ক্ষেত্রে হবে সেই বিনিয়োগ? রিলায়্যান্স কর্ণধার জানিয়েছেন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রকে ডিজিটালি আরও উন্নত করার জন্য বিনিয়োগ করা হবে। একই সঙ্গে, টেলি যোগাযোগে জিয়োকে আরও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে বদ্ধপরিকর তারা। পাশাপাশি, জৈব শক্তি উৎপাদনে রিলায়্যান্স যে গুরুত্ব আরোপ করেছে, সেই ক্ষেত্রেও বাংলায় বিনিয়োগ করা হবে।
রিলায়্যান্স কর্তা পরিসংখ্যান দিয়ে দাবি করেন, টেলি সংযোগে কলকাতা জ়োনে ইতিমধ্যেই ৯৮ শতাংশ ব্যবহারকারীর কাছে পৌঁছে গিয়েছে জিয়ো। তা ১০০ শতাংশ করতে চায় রিলায়্যান্স। তাঁর কথায়, ‘‘বাংলার জিডিপি-ই বলে দিচ্ছে, এই রাজ্য এখন বিনিয়োগের জন্য কতটা উর্বর।’’
মমতার নেতৃত্বের কথা বলতে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কথা উল্লেখ করে মুকেশবাবু বলেন, ‘‘অটলবিহারী বাজপেয়ী যথার্থই আপনাকে অগ্নিকন্যা বলে বর্ণনা করেছিলেন।’’ মমতার নেতৃত্বে বাংলা যে দ্রুত এগোচ্ছে সেটা বোঝাতে পরিসংখ্যানও তুলে ধরেছেন মুকেশ আম্বানি। তিনি মনে করিয়ে দেন, “রাজ্যের জিডিপি এখন ১১.৫ শতাংশ। যা গোটা দেশের তুলনায় অনেক বেশি। মমতার আমলে কর আদায় ৩ গুণ হয়েছে।”
মুকেশ আম্বানির কথায়, “বাংলার মাটি উন্নয়ন এবং সম্ভাবনার মাটি। বাংলা এখন লগ্নির আদর্শ জায়গা। বাংলা শুরু থেকেই পরিচিত ছিল বুদ্ধিমত্তার জন্য, এখন বাংলা উদ্যোগের জন্য পরিচিত হচ্ছে। আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য নেতৃত্বেই সম্ভব হচ্ছে।”
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার উন্নয়নের গতি বোঝাতে রিলায়্যান্স কর্তা রূপকেরও ব্যবহার করেছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, “একদিন রয়্যাল বেঙ্গল টাইগার এশিয়ার সব টাইগারকে ছাপিয়ে যাবে।”
বাংলার উন্নয়নে চেষ্টার কোনও ত্রুটি করবে না রিলায়্যান্স গোষ্ঠী। আম্বানি জানিয়েছেন, বাংলা এখন পূর্বের লজিস্টিক হাব। রিলায়্যান্সও বাংলা জুড়ে লজিস্টিক হাব গড়বে। আগামী ২ বছরে রাজ্যজুড়ে ১২ হাজার রিটেল আউটলেট গড়বে রিলায়্যান্স। জিও ফাইবারের দৌলতে ঘরে ঘরে পৌঁছে যাবে স্মার্ট ফোন।
রিলায়্যান্স কর্তা যে শুধু নিজে বিনিয়োগ করবেন তাই নয়, দেশ-বিদেশের অন্য শিল্পপতিদেরও বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। অন্য শিল্পপতিদের উদ্দেশে তাঁর আহ্বান,”বাংলা বিনিয়োগের আদর্শ জায়গা। আপনারা বাংলায় আসুন।”
হিন্দুস্থান সমাচার/ অশোক
