নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি. স.) কিছুতেই কমছে না ডিপফেক ভিডিওর আতঙ্ক। রশ্মিকা মান্দানাদের পর এবার ডিপফেকের শিকার হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি । এই ধরনের কোনও ভিডিওর ফাঁদেই যেন কেউ না পড়েন, সেজন্য সকলকে সতর্ক করলেন তিনি।
ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। ভিডিওতে দাবি করা হয়েছে, নারায়ণ মূর্তি ট্রেডিং অ্যাপে টাকা বিনিয়োগ করেছেন। যদিও জনগণকে সতর্ক করে দিয়ে ইনফোসিস প্রতিষ্ঠাতা এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানিয়েছেন, ক্লিপগুলি ডিপফেক। এতে বিশ্বাস না করতে। এক্স হ্যান্ডেলে নারায়ণ মূর্তি লেখেন, “বিভিন্ন ওয়েবপেজে প্রচারিত বেশ কয়েকটি ভিডিওতে দাবি করা হয়েছে যে আমি বিভিন্ন ট্রেডিং অ্যাপে বিনিয়োগ করেছি। এগুলি জাল। ওই সমস্ত অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি জনসাধারণকে সতর্ক করে দিচ্ছি যে তাঁরা যেন প্রতারণার শিকার না হন। অনুগ্রহ করে রিপোর্ট করুন।”
প্রসঙ্গত, প্রথমে রশ্মিকা মান্দানা, তার পর আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, কাজল, প্রিয়াঙ্কা চোপড়ার ডিপফেক ভিডিও-ও প্রকাশ্যে এসেছিল। আর এবার ডিপফেকের শিকার হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি।
হিন্দুস্থান সমাচার / কাকলি
