ডিব্রুগড় (অসম), ৪ জানুয়ারি (হি.স.) : উজান অসমের ডিব্রুগড়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের কনভয়ের একটি এসকর্ট গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে চার পুলিশকর্মী সহ আহত হয়েছেন ছয়জন। আহতদের ডিব্রুগড়ে অবস্থিত আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং বিপদমুক্ত, জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ডিব্রুগড়ের সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পুলিশ গৌরব অভিজিৎ দিলীপ জানান, চাবুয়া থানার অন্তর্গত হাতিয়ালি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। কনভয়ের একটি এসকর্ট গাড়ির সঙ্গে একটি বেসরকারি গাড়ির সংঘর্ষে সংঘটিত হয়েছে দুর্ঘটনাটি। তিনি জানান, আহত ছয়জনকেই কনভয়ের সঙ্গে যে অ্যাম্বুল্যান্স ছিল তাতে করে আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পুলিশ গৌরব অভিজিৎ জানিয়েছেন, আহতরা বর্তমানে স্থিতিশীল এবং বিপদমুক্ত।
তিনি জানান, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল তাঁর গৃহগ্রাম চাবুয়ার বিন্ধাকাটায় যাচ্ছিলেন। কনভয়ে ছিলেন রাজ্যসভার সদস্য রামেশ্বর তেলিও। রামেশ্বর তেলি এবং মন্ত্ৰী সনোয়াল, দুজন অক্ষত। দুর্ঘটনার পর তাঁরা ফের তাঁদের গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
