আগরতলা, ৩০ নভেম্বর (হি.স.) : ভারতীয় ইতিহাস সংকলন সমিতির ত্রিপুরা প্রান্তের বার্ষিক সাধারণ সভা রবিবার রাজধানী আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত আইএমএ হাউসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক ও বিধায়িকা কল্যাণী সাহা রায়, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ বিশ্ব হিন্দু পরিষদ ও বিভিন্ন সংগঠনের রাজ্য নেতৃত্ব।
জানা গেছে, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ভারতীয় ইতিহাস সংকলন সমিতি দেশের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে গবেষণার মাধ্যমে তা জনগণের সামনে তুলে ধরে। ত্রিপুরা প্রান্তও একইভাবে রাজ্যের ভূগোল, ইতিহাস, রাজনৈতিক প্রেক্ষাপটসহ রাজন্য আমলের ইতিহাস গবেষণার কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী রায় জানান, “রাজ্যের ঐতিহাসিক ও ভৌগোলিক বিষয়গুলি নিয়ে সমিতির গবেষণা অত্যন্ত প্রশংসনীয়। তাদের কর্মকাণ্ড ও বিস্তারকে আমরা সমর্থন জানাই। ভবিষ্যতে এই গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্য উপস্থিত অতিথিরাও সমিতির গবেষণাধর্মী কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি গম্ভীর ও গবেষণা-মূলক পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ
