দামাস্কাস, ২৯ নভেম্বর (হি. স.) : এবার সিরিয়ায় হামলা চালাল ইজরায়েল। শুক্রবার রাতভর দক্ষিণ সিরিয়ার একাধিক জায়গায় অভিযান চালায় ইজরায়েলের সেনা। সেনা অভিযানে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
জানা গেছে, শুক্রবার রাতে দক্ষিণ সিরিয়ার একাধিক গ্রামে হামলা চালায় ইজরায়েলের সেনা। চলে তল্লাশি অভিযান। সেখানেই রাতভর গুলির লড়াই শোনা যায়। এখনও পর্যন্ত এই অভিযানে ১৩ জনের মৃত্যু খবর মিলেছে। ইজরায়েলের হামলার তীব্র নিন্দা করেছে সিরিয়ার বিদেশমন্ত্রক। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত রাতে ইজরায়েলের সেনাবাহিনী যা করেছে তা যুদ্ধঅপরাধ। ইজরায়েল আরও একবার গোটা অঞ্চলে হিংসা ও অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করছে।
তবে ইজরায়েল সেনার দাবি, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। ওই গ্রামে জামা ইসলামিয়া সংগঠনের একাধিক জঙ্গি লুকিয়ে ছিল তাদের গ্রেফতার করেছে ইজরায়েল সেনা। এই জঙ্গি সংগঠন হামাস ও হাউথিদের সঙ্গে মিলে ইজরায়েলের বিরুদ্ধে বড়সড় হামলার ষড়যন্ত্র করছিল। ইজরায়েল সেনা আইডিএফ আরও জানিয়েছে, এই অভিযান চলাকালীন তাদের ৬ জওয়ান আহত হয়েছেন। এক জঙ্গির মৃত্যু ও একাধিক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ওই এলাকায় এখনও সেনা মোতায়েন রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি
