তেহরান, ২৯ নভেম্বর (হি.স.) :আগামী সপ্তাহে ওয়াশিংটনে হবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্র। সেই ড্র বর্জন করার ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দলের কয়েকজনকে ভিসা দিতে অস্বীকার করায় এমন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম এশিয়ার দেশটি।
ইরান ফুটবল ফেডারেশনের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি যে এই সিদ্ধান্তগুলোর সঙ্গে খেলাধুলার কোনও সম্পর্ক নেই ঠিকই, তা স্বত্ত্বেও ইরানি প্রতিনিধিদলের সদস্যরা বিশ্বকাপ ড্রতে অংশ নেবে না।’
মঙ্গলবার ইরানের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ‘ভারজেশ ৩’ জানায় যে ফেডারেশনের সভাপতি মেহদি তাজসহ প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার তাজ এই সিদ্ধান্তকে সম্পূর্ণ রাজনৈতিক বলে তীব্র সমালোচনা করেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
