কাঠমান্ডু, ২০ নভেম্বর (হি.স.): নেপালের যুব প্রজন্মর ক্ষত এখনও তরতাজা। কীভাবে হিমালয়ের কোলের একটা দেশ উত্তাল হয়ে উঠেছিল, তা দেখেছে গোটা বিশ্ব। দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা, বাংলাদেশের পর গণঅভ্যুত্থানের তালিকায় নাম জুড়ে গিয়েছিল নেপালের। মাঝে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছিল। এবার ফের স্বাভাবিকতার ছন্দপতন।
জানা যাচ্ছে, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির প্রতি যুব প্রজন্মর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। যুব প্রজন্মর আন্দোলনের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার ২৩টি গোষ্ঠী তাঁর অপসারণের দাবি জানিয়েছে। যুবরা এদিন রাষ্ট্রপতির কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেয় তাদের প্রতিবাদ জানাতে। কার্কিকে সরিয়ে একটি নতুন সরকার গঠনের জন্য মধ্যস্থতা করার আহ্বান জানানো হয়েছে রাষ্ট্রপতির কাছে ।
এ দিকে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ২০২৬-এর ৫ মার্চ নেপালে নির্বাচন হওয়ার কথা। তার আগে সকল পক্ষকে ‘অবাঞ্ছিত রাজনৈতিক উস্কানি থেকে বিরত’ থাকতে বলেছেন তিনি। একই সঙ্গে ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আস্থা’ রাখার আহ্বান জানিয়েছেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
