বক্সনগর (ত্রিপুরা), ২৪ অক্টোবর (হি.স.) : নেশা বিরোধী আন্দোলন ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে সিপিআই(এম) রাজ্য কমিটির ডাকা রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার উরমাই এলাকায় আয়োজন করা হয় প্রতিবাদ মিছিল ও পথসভা। সিপিআই(এম)-এর সোনামুড়া মহকুমা কমিটি ও উরমাই অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক কর্মী-সমর্থকসহ বহু সাধারণ মানুষ।
বিকেল চারটা নাগাদ কলমক্ষেত সজল চৌমুহনী থেকে শুরু হয় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মিছিল। গ্রামীণ পথ অতিক্রম করে মিছিলটি শেষ হয় উরমাই পঞ্চায়েত এলাকার ইটভাট্টা সংলগ্ন মাঠে, সেখানে পথসভাকে কেন্দ্র করে জনসমাগম ছিল চোখে পড়ার মত।
পথসভায় বক্তারা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে ছিল—সমাজকল্যাণ মন্ত্রী সুধাংশু দাসকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অপসারণ, জিরানিয়া রেল স্টেশনে উদ্ধার হওয়া বিশাল পরিমাণ নেশা সামগ্রীর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দেওয়া, নেশা ব্যবহার, পাচার ও প্রসার রোধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া, উত্তর পদ্মবিল, কাকড়াবন ও তৈদূতে নারী ও শিশুদের উপর সাম্প্রতিক নৃশংস ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন।
সভায় বক্তব্য রাখেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং জেলা কমিটির প্রবীণ নেতা গৌরাঙ্গ ঠাকুরতা। তাঁরা অভিযোগ করেন, “রাজ্যের শাসনব্যবস্থা এখন নেশা ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের দখলে। সাধারণ মানুষের জীবন ও সামাজিক মূল্যবোধ বিপন্ন হয়ে পড়েছে।”
নেতাদের অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে অপরাধমূলক ঘটনাগুলি গোপন করার চেষ্টা করছে এবং নেশার বিস্তারের মাধ্যমে যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনিক ব্যর্থতা ও সাম্প্রতিক অপরাধমূলক ঘটনাগুলিকে কেন্দ্র করে মানুষের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। সেই ক্ষোভকে সংগঠিত করে মাঠে নামিয়েছে বামফ্রন্ট এবং এতে জনগণের সহানুভূতিও বৃদ্ধি পাচ্ছে সোনামুড়া মহকুমাজুড়ে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ
