
হাওড়া, ২ অক্টোবর, (হি.স.): বৃহস্পতিবার শারদোৎসবের শেষ দিন অর্থাৎ মহাদশমী উপলক্ষে বেলুড় মঠে অনুষ্ঠিত হয় মায়ের বিদায়ের পুজো। ‘এবার মাগো বিদায় তবে, আসছে বছর আবার হবে, সবাইকে মা রাখিস সুখে, বিজয়া আজ মিষ্টি মুখে’।
আজ মন খারাপের দশমী ৷ অন্য চার দিনের মতো নয় বিজয়ার সকাল। মর্ত্য ছেড়ে উমা আজ পাড়ি দেবেন কৈলাসের পথে ৷ প্রাণের উৎসবে আপামর বাঙালির মন ভারাক্রান্ত ৷
বেলুড় মঠে ভোর থেকেই শুরু হয় পূজার্চনা। সন্ন্যাসী ও ভক্তদের মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ। আচারানুষ্ঠানের সূচনা ঘটে ঘট বিসর্জনের মাধ্যমে।
এরপর গঙ্গার ঘাটে শুরু হয় প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি। ঢাকের তালে শেষবারের মতো মাতোয়ারা হয়ে ওঠে পরিবেশ। বিদায়ের আবহে ভক্তদের হৃদয়ে ধরা দেয় মিশ্র অনুভূতি আনন্দ, বেদনা আর অগাধ ভক্তি।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
