লন্ডন, ২ অক্টোবর (হি.স.):
রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যাম গত মরসুমে ছিলেন দারুণ উজ্জ্বল। তারই স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ মরসুমের জন্য ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই মিডফিল্ডার। ইংল্যান্ডের বাইরের কোনও ক্লাবে খেলা দ্বিতীয় ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতলেন ২২ বছর বয়সী বেলিংহ্যাম। ফুটবল সমর্থকদের ভোটে রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহ্যামের সেরা হওয়ার কথা বুধবার জানিয়েছে ইংল্যান্ড ফুটবল।
আর্সেনালের মিডফিল্ডার ডেক্লান রাইস দ্বিতীয় ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন তৃতীয় হয়েছেন।
গত বছর ইংল্যান্ডের মরসুম সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন কোল পালমার। তার আগে দুইবার জিতেছিলেন বুকায়ো সাকা।
গত জুলাইয়ে কাঁধের অস্ত্রোপচার হয় বেলিংহ্যামের। পুনর্বাসন সেরে সম্প্রতি ক্লাবের হয়ে মাঠে ফিরেছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
