।। রাজীব দে ।।
ঢাকা, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী (অব)।
আজ মহষ্টমীর বিকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের ব্রিফিংকালে এই আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম। উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা একটি পবিত্র ধর্মীয় উৎসব। তাই সবাইকে এর পবিত্রতা রক্ষা করতে হবে। এখানে যেন কোনও ধরনের অসামাজিক কার্যকলাপ না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কেউ যেন জুতো পায়ে মণ্ডপে না ওঠে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী (অব) বলেন, পার্বত্য চট্টগ্রামে কিছু সংখ্যক দৃষ্কৃতকারী পূজা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে অনুষ্ঠিত হতে না পারে, সে চেষ্টা করেছিল। কিন্তু তাদের সে প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে ফ্যাসিস্টের কিছু দোসরও সহযোগিতা করেছে। সনাতন ধর্মাবলম্বী সহ সকলের সহযোগিতার কারণে তারা সফল হয়নি।
ব্রিফিংয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্তকুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
