মুম্বই, ৩০ সেপ্টেম্বর(হি.স.): আগামী ২ অক্টোবর থেকে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজের জন্য গত ১৬ সেপ্টেম্বর দল ঘোষণা করেছিল উইন্ডিজ। তবে ভারত সফরের ঠিক আগে বড় এক ধাক্কা খেল ক্যারিবীয়রা।
কোমরের চোটের কারণে ভারত সফর থেকে ছিটকে গেলেন পেসার আলজারি জোসেফ। তার বদলি হিসেবে বাঁহাতি পেসার জেদিয়া ব্লেডসকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে এখনও অভিষেক হয়নি ব্লেডসের। জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
আগামী ২ অক্টোবর শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ অক্টোবর। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
