কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স.): শহীদ মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, শহীদ মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবসে, অসীম সাহসের প্রতিমূর্তি এই স্বাধীনতা সংগ্রামীকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। তাঁর আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ইতিহাসে একক উজ্জ্বল দৃষ্টান্ত।
অবিভক্ত মেদিনীপুর জেলা ছিল স্বাধীনতা সংগ্রামে এদেশের পথিকৃৎ। আর বাংলা ছিল স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান যেখানে মাতঙ্গিনী হাজরার মতো অগণিত অগ্নিকন্যা- অগ্নিপুত্রদের তেজে, বীরত্বে সর্বশক্তিমান বিদেশি সাম্রাজ্যে কাঁপন ধরে গিয়েছিল।
আমি আনন্দিত, পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের আলিনান গ্রামে তাঁর বসতবাটির পাশেই আমাদের সরকার এই মহান স্বাধীনতা সংগ্রামীর একটি মূর্তি স্থাপন করেছে এবং তাঁর জীবন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাঁর অবদান নিয়ে একটা সংগ্রহশালা করেছে। আমিই ২০২২ সালে এই সংগ্রহশালাটি উদ্বোধন করেছিলাম। এই মিউজিয়ামে তাঁর ব্যবহৃত নানান ব্যাক্তিগত ব্যাপার জিনিসপত্রও প্রদর্শিত হচ্ছে। অনেক মানুষ এখন এই মিউজিয়ামটি দেখতে আসেন।
আমাদের আলিপুর মিউজিয়ামেও আমরা শ্রদ্ধার সঙ্গে শহীদ মাতঙ্গিনী হাজরাকে স্মরণ করেছি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
