দুবাই, ২৭ সেপ্টেম্বর (হি.স.): দুইশ ছাড়ানো রান তাড়ায় খুনে ব্যাটিংয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিলেন পাথুম নিসাঙ্কা। কিন্তু তা সত্ত্বেও জিততে পারল না শ্রীলঙ্কা। ম্যাচ টাই হল। এরপর সুপার ওভারে ভারত জিতল। এশিয়া কাপের নিয়মরক্ষার এই ম্যাচে ভারতের ২০২ রানের জবাবে শ্রীলঙ্কাও করে একই রান। সুপার ওভারে অবশ্য দুই রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। ভারত জিতে যায় প্রথম বলে তিন রান নিয়ে।
টি-টোয়েন্টি ক্রিকেটে এই দুই দলের মুখোমুখি সবশেষ দুটি ম্যাচই হলো টাই। আগের ম্যাচটিতেও ২০২৪ সালে পাল্লেকেলেতে সুপার ওভারে শ্রীলঙ্কা করেছিল ২ রান আর ভারত জিতেছিল প্রথম বলে! দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার আভিশেক শার্মা, তিলাক ভার্মা, সাঞ্জু স্যামসনের ঝড়ো ইনিংস ও আকসার প্যাটেলের ক্যামিওতে দুইশ ছাড়ানো পুঁজি গড়ে ভারত।
জবাবে দ্বিতীয় উইকেটে নিসাঙ্কা ও কুসাল পেরেরার বিস্ফোরক জুটিতে মনে হচ্ছিল জয় শ্রীলঙ্কার নাগালে। এক সময় ৯ উইকেট হাতে রেখে তাদের জয়ের জন্য দরকার ছিল ৫৪ বলে ৭৩ রান। কিন্তু পারল না। শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১২ রান। শেষ বলে দরকার ছিল ৩ রান। কিন্তু দুই রান নিয়ে ম্যাচ টাই করল লঙ্কানরা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২০২/৫ (আভিশেক ৬১, তিলক ভারমা ৪৯*, স্যামসন ৩৯, আকসার ২১*; থিকশানা , চামিরা , হাসারাঙ্গা , শানাকা , আসালাঙ্কা পেয়েছেন ১ করে উইকেট)l
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০২/৫ (নিসাঙ্কা ১০৭, কুসাল পেরেরা ৫৮, পান্ডিয়া , আর্শদিপ, হার্শিত, আকসার কুলদিপ, বরুন ১টি করে উইকেট নিয়েছেন)।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
