হাইলাকান্দি (অসম), ২৪ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি অফিসে একটি কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা কাজ করবে।
প্রশাসনের বিপর্যয় শাখায় চালু এই টেলিফোন নম্বর ০৩৮৪৪-২৮০০০০ এবং টোল ফ্রি নম্বর ১০৭৭। জনসাধারণকে প্রয়োজনে এই নম্বরে আইন-শৃঙ্খরাজনিত সমস্যার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে পূজা কমিটির কর্মকর্তাদেরকে রাত ১০টা পর্যন্ত ৬৫ ডেসিবেল ভলিউমের মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়েছে প্রশাসন থেকে। পূজা কমিটিগুলিকে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য পর্যাপ্ত বালু, জল ইত্যাদি মজুত রাখতে এবং মণ্ডপে সিসি টিভি ক্যামেরা বসাতে বলা হয়েছে। এছাড়া শারদীয় উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের আরোপিত সব বাধা-নিষেধ কঠোরভাবে মেনে চলতেও বলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
