নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুধবার ডাক্তারিতে আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারি মেডিক্যাল কলেজ / স্বশাসিত স্নাতকোত্তর প্রতিষ্ঠান / সরকারি হাসপাতালগুলিতে ৫,০০০ স্নাতকোত্তর পর্যায়ের আসন এবং এমবিবিএস-এ ৫,০২৩টি আসন বাড়ানো হবে। এই উদ্যোগের ফলে দেশে চিকিৎসকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
পিআইবি-র তরফে জানানো হয়েছে, এই দুটি প্রকল্প রূপায়ণে ২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ বর্ষ পর্যন্ত খরচ হবে ১৫,০৩৪.৫০ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রের অংশ থাকবে ১০,৩০৩.২০ কোটি টাকা এবং রাজ্যগুলি দেবে ৪,৭৩১.৩০ কোটি টাকা।
কর্মসংস্থান সহ প্রকল্পের প্রভাব :
এই প্রকল্পের উল্লেখযোগ্য প্রাপ্তি হল –
(১) ভারতে ডাক্তারি শিক্ষায় আরও সুযোগ-সুবিধা প্রদান;
(২) আন্তর্জাতিক মান অনুযায়ী ডাক্তারি শিক্ষা ও প্রশিক্ষণ;
(৩) ব্যয়সাশ্রয়ী চিকিৎসা প্রদানের লক্ষ্যে পর্যাপ্ত চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকের যোগান;
(৪) গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়ানো;
(৫) চিকিৎসক, ফ্যাকাল্টি, প্যারা-মেডিক্যাল কর্মী, গবেষক, প্রশাসক এবং সহায়ক পরিষেবার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
ভারতে এই মুহূর্তে ৮০৮টি মেডিক্যাল কলেজে ১,২৩,৭০০টি এমবিবিএস-এর আসন রয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গত এক দশকে এমবিবিএস-এ ৬৯,৩৫২টি নতুন আসন বাড়ানো হয়েছে। একইভাবে, স্নাতকোত্তর স্তরে আসন বেড়েছে ৪৩,০৪১টি।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
