কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : আরতি সাহা একজন ভারতীয় সাঁতারু। ১৯৫৯ সালে প্রথম এশিয়ান মহিলা সাঁতারু হিসাবে তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। শুধু তাই নয় ১৯৬০ সালে প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসাবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার কলকাতায় ১৯৪০ সালের ২৪ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। চার বছর বয়সে তাঁর কাকার সঙ্গে চাঁপাতলা ঘাটে স্নান করতে গিয়ে সাঁতার শেখা শুরু করেন। সাঁতারের প্রতি তার আগ্রহ দেখে বাবা পাঁচুগোপাল সাহা তাঁর কন্যাকে শোভাবাজারের হাটখোলা সুইমিং ক্লাবে ভর্তি করে দেন। ১৯৪৬ সালে পাঁচ বছর বয়সে শৈলেন্দ্র স্মৃতি সাঁতার প্রতিযোগিতায় ১১০ গজ দূরত্বের ফ্রি স্টাইলে সোনা জেতেন তিনি।
আরতি সাহা ১৯৪৫ থেকে ১৯৫১ সালের মধ্যে ২২টি রাজ্যস্তরের প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন। ১৯৪৮ সালে তিনি মুম্বইতে অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রুপো ও ব্রোঞ্জ জেতেন। ১৯৫১ সালে রাজ্য স্তরের প্রতিযোগিতায় ১ মিনিট ৩৭.৬ সেকেন্ডে ১০০মিটার অতিক্রম করে তখনকার বিখ্যাত সাঁতারু ডলি নাজিরের রেকর্ড ভেঙ্গে দেন। ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৫৯ এ তিনি এশিয়া মহাদেশের প্রথম মহিলা হিসেবে ইংলিশ চ্যানেলের ৬৭.৫ কিমি দূরত্বের পথ অতিক্রম করেন ১৬ ঘণ্টা ২০ মিনিটে। তিনি ফ্রান্সের কেপ গ্রিস নে থেকে সাঁতার শুরু করে ইংল্যান্ডের স্যান্ডগেটে শেষ করেন এবং সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
