কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমায় দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা অভিরাম পুরকাইত (৭৬)। দুর্গানগরের বাসিন্দা ও দক্ষিণ গঙ্গাধরপুর পঞ্চায়েতের প্রাক্তন অঞ্চল সভাপতি বর্তমানে অঞ্চল কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে নিজের বাড়িতেই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে আচমকা চড়াও হয়। এলোপাতাড়ি মারধর করা হয়েছে ও কোপায় শরীরের একাধিক জায়গায়। প্রতিবেশীরা কিছু বুঝে ওঠার আগেই হামলা সেরে চম্পট দেয় দুষ্কৃতীরা।
শনিবার সকালে পরিচারিকা রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে প্রথমেই স্থানীয়দের খবর দেন। প্রথমে তাঁকে মতিলাল বাজারের এক বেসরকারি হাসপাতালে ও পরে লক্ষীকান্তপুরে চিকিৎসার জন্য বদল করা হয়েছে ।
তবে ওই হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমেছে ঢোলাহাট থানার পুলিশ। জখম নেতাকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা, জেলা পরিষদ সদস্য মহেশ্বর নাইয়া প্রমুখ। উল্লেখ্য, ঘটনার পরিপ্রেক্ষিতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
